Thursday, August 30, 2012

কোরানে নামাজ


হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরান অনুসরন করার কথা বল্লেই , অবধারিত ভাবেই যে প্রশ্নটির সম্মুখীন হতে হয় তা হলো – হাদিস না থাকলে নামাজ কিভাবে পড়ব? কোরান থেকে দেখিয়ে দিন নামাজ কিভাবে পড়তে হবে?
মজার ব্যাপার হলো বিশ্বের ৫% মুসলমান ও দৈনিক নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে না এবং যারা পড়ে তাদের কয়জন নামাজে কি পড়ছে তা জানে , বলা দুরূহ। সাকুল্যে ১% মুসলমান কোরান বুঝে পড়ে কিনা সন্দেহ। (৫% ও ১% এর পরিসংখ্যানটি আনুমানিক।) তারপরেও নামাজ নিয়ে বিতর্কে এদের উৎসাহে কমতি নেই। কোরানে নামাজ কিভাবে পড়তে হবে তার খুটিনাটি বর্ণনা নেই এটা যেমন সত্য , তেমনি হাদিস থেকে নামাজ শিখতে গেলে বিভ্রান্তি যে আরো বাড়বে সেটা ও তেমন সত্য।

তাহলে নামাজ কিভাবে পড়তে হবে , সেটা বলতে আল্লাহ কি ভুলে গিয়েছেন? (নাউজুবিল্লাহ) নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে? কোরানে যে ‘সালাতের‘ কথা বলা হচ্ছে তার অর্থ কি নামাজ? নাকি এ দুটি ভিন্ন কোন বিষয়? অথবা নামাজ সালাতের একটি ক্ষুদ্রতর অংশ , এমন কি হতে পারে?

কোরানে সালাত নিয়ে কি বলেছে , সেটা জানার আগে চলুন হাদিস নামাজ নিয়ে আমাদের কি শেখাচ্ছে সেটা জেনে নেই-
ওজু

- হজরত আনাস বলেছেন: রসূল প্রতিবার নামাজের আগে ওজু করতেন। (বুখারি)
- হজরত ইবনে আব্বাস বলেছেন: রসূল কিছুক্ষন ঘুমালেন – মসজিদে গেলেন ও ওজু ছাড়া নামাজ পড়লেন। (বুখারি)
- রসূলের সাহাবারা ঘুম থেকে উঠে ওজু না করেই নামাজ পড়তেন। (মুসলিম)

ফরজ গোসল

- হজরত উসমান বলেছেন: যদি কেউ বীর্যপাতের আগেই পুরুষাঙ্গ বের করে নিয়ে আসে , তাহলে সে যেন পুরুষাঙ্গ ধৌত করে ও ওজু করে। (গোসল করা লাগবে না) (বুখারি)
- প্রবেশ করালেই ওজু করা বাধ্যতামূলক। (মুয়াত্তা)
- রসূল বলেছেন: যখন কেউ স্ত্রীলোকের পায়ের মাঝে বসে জোরে ঠেলে , বীর্যপাত হোক বা না হোক গোসল বাধ্যতামূলক। (মুসলিম)
- উব্বি বিন কাব রসূলকে জিজ্ঞাসা করলেন , ” যদি কেউ সহবাস করে কিন্তু বীর্যপাতের আগেই বের হয়ে আসে , তার কি গোসল করা লাগবে? তিনি উত্তর দিলেন , ” তার উচিৎ ওজু করে প্রার্থনা (pray) করা।

খাওয়ার পরে ওজু

- রসূল বলেছেন: আগুনে রান্না করা কোন কিছু খাওয়ার পরেই নুতন করে ওজু কর। (মুসলিম)
- ইবনে আব্বাস বলেছেন , ” রসূলুল্লাহ ছাগলের ঘাড়ের রোস্ট খাওয়ার পরে ওজু না করেই নামাজ পড়লেন। (মুসলিম)

তাকবীর

- হজরত বিলালকে আদেশ করা হয়েছিল আজানে দুই তাকবীর এবং ইকামাতে এক তাকবীর বলার জন্য। (মুসলিম)
- এখন মসজিদে ইকামতের সময় ও ২ তাকবীর বলা হয়। হয়তো বা ইকামতের সময় ২ তাকবীর বলার হাদিস ও আছে। হাদীস অনুসারীরা ভাল বলতে পারবেন।

নামাজে সুরা ও দোয়া পড়া-

- নামাজে সুরা ফাতিহার পরে আর কিছু পড়া লাগবে কি না , এমন প্রশ্নের জবাবে আবু হুরাইরা বল্লেন , যে কোন সুরা পড়াই ভাল , কিন্তু শুধু মাত্র সুরা ফাতিহা পড়াই যথেষ্ঠ। (মুসলিম)
- ফিকহের সকল ইমামগনের মত হলো শধুমাত্র সুরা ফাতিহা পড়লে নামাজ হবে না।

- হজরত উমর “সুভানাকাল্লাহুম্মা—-” জোরে জোরে পড়তেন।(মুসলিম)
- ইমামগণ আমাদের “সুভানাকাল্লাহুম্মা—-” মনে মনে পড়তে বলেছেন।
- হজরত আনাস বলেছেন ,” আমি রসুলুল্লাহ , আবু বকর , উমর এবং উসমানের পিছনে নামাজ পড়েছি। তারা আল-ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছেন , “সুভানাকাল্লাহুম্মা—-” দিয়ে নয়। (মুসলিম)

- যখন মসজিদে নববিতে মিম্বার তৈরি হলো , রসূল এর উপরে উঠলেন , কিবলার দিকে ফিরলেন , তাকবীর দিলেন , লোকজন সারিবদ্ধ হলো। আবৃত্তির (recitation) পরে উনি হাটুর উপরে রূকুতে গেলেন , তারপর মিম্বার থেকে নেমে আসলেন , মাটিতে সিজদা দিলেন , তারপর আবার মিম্বারে উঠলেন। তিনি আবারো রূকুতে গেলেন এবং তারপরে মাটিতে নেমে এসে সিজদা দিলেন। (বুখারি) (এমনভাবে নামাজ পড়ার কথা আগে কখনো শুনিনি বা দেখিনি , আপনারা শুনেছেন?)

- রসুলুল্লাহ তার মেয়ে ‘জয়নাবে’র ছোট্ট মেয়ে ‘আমামা’কে তুলে নিয়ে (কোলে নাকি ঘাড়ে – জানি না) নামাজ পড়া শুরু করলেন। যখন সিজদায় গেলেন , তিনি তাকে মাটিতে নামিয়ে রাখলেন এবং যখন উঠলেন তাকে (‘আমামা’) আবার তুলে নিলেন। (বুখারি)

- যদি কেউ নামাজীর সামনে দিয়ে যায় , তাকে থামাও। যদি সে না থামে , তাকে হত্যা কর কারন সে শয়তান। (বুখারি)
-আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন , ” আমি একটি মেয়ে-গাধায় চড়ে মিনায় গেলাম। রসুলুল্লাহ নামাজ পড়াচ্ছিলেন। আমি কয়েকজন নামাজির সামনে দিয়ে যেয়ে গাধার পিঠ থেকে নামলাম ও নামাজে যোগ দিলাম। কেউ প্রতিবাদ করেনি।(বুখারি)
- হজরত সাদ বিন আবি ওয়াকাস নামাজের চলাকালীন সামনে দিয়ে যেতেন। (মুয়াত্তা)
- নামাজ চলাকালীন কেউ সামনে দিয়ে গেলে নামাজের ক্ষতি হয় না। (মুয়াত্তা)

- রসুলুল্লাহ বলেছেন , ” সামনে দিয়ে স্ত্রীলোক , গাধা বা কুকুর গেলে নামাজ ভেঙ্গে যায়। (মুসলিম)
- হজরত আয়েশা বলেছেন ,”তোমরা (হাদিস বর্ণনাকারীগণ) আমাদেরকে গাধা ও কুকুর বানিয়েছ। আল্লাহর কসম! রসুলুল্লাহ যখন নামাজ পড়তেন , তখন আমি তার সামনে কম্বলের উপরে শুয়ে থাকতাম।(মুসলিম)

- বুখারিতে ৪ টি হাদিস আছে যেখানে বলা হয়েছে: রসূল রূকুতে যাওয়ার আগে ও আত্তাহিয়াতু পড়ে ওঠার সময় কান পর্যন্ত দুই হাত তুলতেন। (আমাদের দেশের মুসলমানেরা কেন হাত তোলে না? তাহলে কি তারা বুখারির হাদিস মানে না?)

-রসূলুল্লাহ কোন ওজর ছাড়াই বা ভ্রমন না করলেও যোহর ও আছর এবং মাগরিব ও এশার নামাজ একত্রে পড়তেন। (মুয়াত্তা , মুসলিম)

- মুয়াবিয়া বিন হাকাম রসূলের সাথে নামাজ পড়ছিলেন। এক নামাজী হাঁচি দিলেন এবং আমি প্রথামতো “ইয়ারহামাকাল্লাহ”বল্লাম। নামাজ শেষে রসূল বল্লেন ,”নামাজের ভিতরে মনুষ্য কথার অনুমতি নেই। (মুসলিম)
- একদা নামাজ পড়া অবস্থায় রসূলের সামনে শয়তান আসল এবং তিনি ৩ বার বল্লেন , “তোমার উপরে আল্লাহর অভিশাপ”। (মুসলিম) (হতে পারে , রসূলের কথা মনুষ্য কথা নয়)

- বৃষ্টির জন্য দো’য়া করার সময় ছাড়া আর কোন সময় রসূল হাত তুলতেন না। (বুখারি)
- যে কোন দো’য়া করার সময় তিনি হাত তুলতেন।(সুত্র এত বেশি যে উল্লেখ করলাম না)

- রসুলুল্লাহ জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন। (বুখারি , মুসলিম, নিসায়ি)

- সাহাবারা তীরবিদ্ধ জায়গা থেকে রক্ত পড়তে থাকা অবস্থায় নামাজ পড়তেন। (বুখারি , মুসলিম , ইবনে মাজাহ ও আরো অনেকে)
- শরীরের কোন জায়গা থেকে রক্ত বের হলে নামাজ ও ওজু দুটোই বাতিল হয়ে যায়। ( বুখারি , মুসলিম , ইবনে মাজাহ ও আরো অনেকে)

- হজরত আনাস বলেছেন , “রসূল পুরো নামাজ খুবি অল্প সময়ে পড়তেন। (মুসলিম)
- রসূল সেই ইমামদের বকতেন , যারা লম্বা সময় ধরে নামাজ পড়াতেন। (মুসলিম)
- হজরত আনাস বলেছেন ,” রসূল রুকুর পরে এত দীর্ঘ সময় স্থীর ভাবে দাড়িয়ে থাকতেন যে মনে হোত তিনি সামনে বাড়তে ভুলে গেছেন। সিজদার সময়ও একি অবস্থা হোত। (মুসলিম)
- আবু সায়িদ খাদরি বর্ণনা করেছেন: রসুলুল্লাহ এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়াতেন যে ধরা যাক দুপুরের নামাজ শুরু হলো। এক লোক বাকী কবরস্থানে হেটে গেল , বাড়িতে ফিরে এসে ওজু করে মসজিদে গিয়ে দেখতে পাবে তখনো তিনি প্রথম রাকাত পড়াচ্ছেন। (মুসলিম)

এছাড়াও বুখারি ও মুসলিমে নামাজের বিভিন্ন পয়েন্টে কোন দো’য়া পড়তে হবে , তা নিয়ে পরস্পর বিরোধী অসংখ্য হাদিস পাওয়া যায়।

এই হলো হাদিস থেকে নামাজ শিক্ষা।

১) ঘুমের মধ্যে নাক ডাকলে , আপনার ওজু করা লাগবে না। দুঃখিত , ওজু করা লাগবে।
২) রান্না করা খাবার খেলে ওজু ভেঙ্গে যায় কিন্তু ছগলের রোষ্ট খেলে ওজু ভাঙ্গে না।
৩) রক্ত পড়লে নামাজ ও ওজু বাতিল হয় না। দুঃখিত , বাতিল হয়।
৪) বীর্যপাত না হলে গোসল লাগবে না। দুঃখিত , লাগবে।
৫) আপনি জোহর ও আছর এবং মাগরিব ও এশার নামাজ একত্রে পড়তে পারবেন। দুঃখিত , একত্রে পড়তে পারবেন না।
৬) দো’য়ার সময় হাত তুলুন। না না , দো’য়ার সময় হাত তুলবেন না।
৭) রুকুতে যাওয়ার আগে ঘাড় পর্যন্ত দুই হাত তুলুন। না না , হাত তুলবেন না।
৮) বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়তে পারেন। আপনি এমনটি করতে পারেন না।(ফিকহ)
৯) নামাজের সময় ঈমাম সিড়ি বেয়ে ওঠা নামা করতে পারে। আদৌ নয়।(ফিকহ)
১০) নামাজে শুধুমাত্র সুরা ফাতিহা পড়াই যথেষ্ট। দুঃখিত , যথেষ্ট নয়।
১১) নামাজের শুরুতে ‘সুভানাকাল্লাহুম্মা’ পড়া যায়। না না , যায় না।
১২) নামাজের ভিতরে আপনি শয়তান বা অন্য কাউকে অভিশাপ দিতে পারেন। না না , কখনো না।
১৩) আত্তাহিয়াতুর পরে যে কোন দো’য়া পড়তে পারেন। না , শুধুমাত্র এইটা আর এইটা।
১৪) নামাজের সময় যেই সামনে দিয়ে যাবে , মানা করলে না শুনলে তাকে হত্যা কর। শুধুমাত্র হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও সাদ বিন আবি ওয়াকাসকে ছাড়া।
১৫) স্ত্রীলোক , গাধা ও কুকুর সামনে দিয়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। তবে তোমার স্ত্রী নামাজের সময় তোমার সামনে জায়নামাজে শুয়ে থাকলেও নামাজ বাতিল হবে না।

সহীহ হাদীস অমান্য না করে আপনি কিভাবে নামাজ পড়বেন , সেটা আপনিই ঠিক করুন। আমার পক্ষে এই ধাঁধার সমাধান করা দুরূহ ব্যাপার।

পরের পর্বে কোরান নামাজ নিয়ে কি বলে , সেটা নিয়ে আমার ধারনা জানাব ইনশাল্লাহ।
.

Tuesday, August 21, 2012

মা মালাকাত আইমানুকুম

মা মালাকাত আইমানুকুম যার অর্থ করা হয়েছে যুদ্ধবন্দী যৌণদাসী। অমুসলিম ও ইসলাম বিদ্বেষীদের ইসলাম বিরোধী প্রপাগান্ডার একটি বড় হাতিয়ার হলো , কোরানে নাকি যুদ্ধবন্দী যৌণদাসী মুসলমানদের জন্য হালাল করা হয়েছে। অবশ্য ওদের দোষ দিয়ে লাভ নেই। এর জন্য দায়ী হলো মুসলমান খলিফাদের অনুগ্রহপুষ্ট রাজ দরবারের পারস্য ঈমামগণ (বুখারি , মুসলিম , তিরমিজি , শাফেঈ প্রমূখ) ও ইহুদী-নাসারা পারিষদবর্গ। খলিফারা ঈমামদের বিকৃত অনুবাদের মাধ্যমে নুতন নুতন রাজ্য জয় করতে সৈন্যদের উদ্বুদ্ধ করার জন্য যুদ্ধবন্দী যৌণদাসীর টোপ ব্যবহার করেছেন।

“মা মালাকাত আইমানুকুম” এর অর্থ যুদ্ধবন্দী যৌণদাসী ও নয় বা তোমার ডান হাতের অধীনস্ত ও নয়। এর প্রকৃত অর্থ হলো – “তারাই , যারা তোমার শপথ বা অঙ্গীকারের আওতাধীন”

“আইমানু” শব্দটি হলো “ইয়ামিন” শব্দের বহুবচন , যার অর্থ হলো – শপথ বা অঙ্গীকার , ইংরেজিতে OATH.
নিচে কোরান থেকে কিছু উদাহরন দেয়া হলো -

আর তোমাদের শপথের (আইমানুকুম) জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না…………[2:224]

যারা আল্লাহর নামে কৃত তাদের অঙ্গীকার (আইমানুহুম) এবং প্রতিজ্ঞা সামান্য মুল্যে বিক্রয় করে …[3:77]

তারা তাদের জোর শপথ (আইমানুহুম) নিয়ে আল্লাহর কসম খায় যে, যদি তাদের কাছে কোন নিদর্শন আসে, তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে। …[6:109]

আল্লাহর নামে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার পূর্ণ কর এবং পাকাপাকি শপথ (আল-আইমান) করার পর তা ভঙ্গ করো না, …[16:91]


এইরুপ আরো অনেক আয়াত আছে কোরানে , যেখানে ‘আইমানুকুমের’ অর্থ শপথ হলেই কেবল আয়াতের মানে অর্থবহ হয়।

মজার ব্যাপার হলো “মা মালাকাত আইমানুকুম” শুধুমাত্র নারীর জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। “মা মালাকাত আইমানুকুম” পুরুষ ও হতে পারে। এর প্রমাণ স্বরূপ নিচের আয়াতটি পড়ে দেখতে পারেন -

ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত দাঁস (আইমানুহুন্না), যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, …[24:31]
তাহলে এই আয়াতের কি এটাই অর্থ করব যে , ঈমানদার নারীরা যৌণদাঁস রাখতে পারবে??

কোরানের “মা মালাকাত আইমানুকুম” কোন যৌণ দাঁস বা দাঁসী রাখার স্বীকৃতি দিচ্ছে না , যেমনটি অতীতের ঈমামগণ , তাফসীরকারগণ ও তাদের অন্ধ অনুসারী বর্তমানের অনুবাদকগণ অনুবাদ করেছেন। বরং সেই সকল অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হতভাগ্য পুরুষ ও নারীদের কথা বলেছে , যাদের ভরনপোষনের ভার নিতে ইমাণদার পুরুষ ও নারীরা শপথ করেছেন। অর্থনৈতিক বিপর্যয়ে পতিত এই হতভাগ্য পুরুষ ও নারী, এরা কারা?

এর উত্তর কোরানেই আছে। কোরান থেকেই আমরা জানতে পারি ইসলামের সুচনালগ্নে আত্মরক্ষার্থে বিভিন্ন যুদ্ধে বহুসংখ্যক পুরুষ শহিদ হন , ফলে তাদের পরিবার মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয় বা নিঃস্ব হয়ে পড়ে। এছাড়াও ইসলাম ধর্ম গ্রহণ করার কারনে বহু সংখ্যক পুরুষ ও নারী নিজবাসভূমি থেকে বিতাড়িত হয়ে অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। অনেক নারী ইসলাম গ্রহণ করার কারনে তাদের পৌত্তলিক স্বামী কতৃক বিতাড়িত হয় বা পৌত্তলিক স্বামীকে ছেড়ে এসে মুসলমানদের আশ্রয় গ্রহণ করে , ফলে তারাও মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয় বা নিঃস্ব হয়ে পড়ে। নিচের আয়াতটি পড়ুন-

মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে, তখন তাদেরকে পরীক্ষা কর। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক অবগত আছেন। যদি তোমরা জান যে, তারা ঈমানদার, তবে আর তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না। এরা কাফেরদের জন্যে হালাল নয় এবং কাফেররা এদের জন্যে হালাল নয়। কাফেররা যা ব্যয় করেছে, তা তাদের দিয়ে দাও। তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ, তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান; তিনি তোমাদের মধ্যে ফয়সালা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। …[60:10]

যেমনটি দেখা যাচ্ছে এই সেই বিবাহিতা নারীরা , যাদেরকে মোহরানার বিনিময়ে বিবাহ করা হালাল করা হয়েছে , কোন যৌণ দাসীকে হালাল করার কথা কোরানে বলা হয় নি। আরো একটি আয়াতের কথা না বল্লেই নয় –

আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে তোমাদের শপথভুক্ত মুসলিম নারীকে(আইমানুকুম) বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পর এক, অতএব, তাদেরকে তাদের পরিবারের (أَهْلِهِنَّ) অনুমতিক্রমে বিয়ে কর এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান কর এমতাবস্থায় যে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে-ব্যভিচারিণী কিংবা উপ-পতি গ্রহণকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায়, তখন যদি কোন অশ্লীল কাজ করে, তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এ ব্যবস্থা তাদের জন্যে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে। আর যদি সবর কর, তবে তা তোমাদের জন্যে উত্তম। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। …[4:25]

এই আয়াতে দেখা যাচ্ছে পরিবারের অনুমতি নিয়েই এবং মোহরানা দিয়েই কেবল কোন “মা মালাকাত আইমানুকুমের” সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায়। যারা “মা মালাকাত আইমানুকুমের” অর্থ যৌণদাসী করেছেন , তারা বোধহয় এই আয়াতের কথা ভুলে গিয়েছিলেন।

Wednesday, May 30, 2012

নাসেখ ও মানসূখ - একটি মিথ্যা প্রচারনা

নাসেখ মানসূখের এই কোরান বিরোধী মিথ্যা প্রথমে চালু হয় ৪০০ হিঃ বা ১০০০সনের শেষের দিকে তখনকার কিছু আলেম ওলামা কতৃক , যাদের অন্যতম আহমেদ বিন ইশাক আল দিনারি(মৃঃ ৩১৮ হিঃ), মোহাম্মদ বিন বাহার আল-আসবাহানি (মৃঃ ৩২২হিঃ) , হেবাতাল্লাহ বিন সালামাহ (মৃঃ ৪১০হিঃ) এবং মুহাম্মাদ মূসা আল-হাজমি (মৃঃ ৫৪৮ হিঃ)। তাদের দাবী , কোরানের কিছু আয়াত বাতিল বা প্রতিস্থাপিত হয়েছে কোরানের অন্য আয়াত দ্বারা। যে আয়াত অন্য আয়াতকে বাতিল করেছে , তাকে বলা হয় 'নাসেখ' এবং বাতিলকৃত আয়াত - 'মানসূখ'।

আসলেই কোরানের কোন আয়াত মানসূখ বা বাতিল হয়নি এবং কোরানের দুটি আয়াতের মধ্যে কোন বিরোধ নেই। অমুসলিমরা ও কোরানস্কেপ্টিকরা এই আয়াতগুলি ব্যবহার করে দুটি আয়াতের ভিতরে বিরোধ দেখিয়ে এটা প্রমান করতে যে , কোরান পারফেক্ট নয় ।

যে দুটি আয়াতের উপর ভিত্তি করে আলেমরা নাসেখ মানসুখের দাবী করেন , চলুন সেই আয়াত দুটি বিশ্লেষন করা যাক -

প্রথম আয়াত ২:১০৬
"আমি কোন আয়াত(آيَةٍ) রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জান না যে, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান?"

আলেমদের দাবী এই আয়াত প্রমান করে যে কোরানের কিছু আয়াত অন্য আয়াত দিয়ে বাতিল করা হয়েছে। তারা 'আয়াত' এর শব্দগত মানে করেছে কোরানের আয়াত , যদিও কোরানে আমরা 'আয়াত' এর ৪ রকমের শব্দগত মানে পাই।

১) 'আয়াত' = অলৌকিক ঘটনা (miracle)
"১৭:১০১ আপনি বণী-ইসরাঈলকে জিজ্ঞেস করুন, আমি মূসাকে নয়টি প্রকাশ্য নিদর্শন( آيَاتٍ ) দান করেছি।"

২) 'আয়াত' = উদাহরন (example)
"২৫:৩৭ নূহের সম্প্রদায় যখন রসূলগণের প্রতি মিথ্যারোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জত করলাম এবং তাদেরকে মানবমন্ডলীর জন্যে নিদর্শন(آيَةً) করে দিলাম।"

৩) 'আয়াত' = চিহ্ন (sighn)
"১৯:১০ সে বললঃ হে আমার পালনকর্তা, আমাকে একটি নির্দশন(آيَةً) দিন। তিনি বললেন তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় তিন দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না।"

৪) 'আয়াত' = কোরানের আয়াত।
"৩৮:২৯ এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ(آيَاتِهِ) লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।"

এখন
২:১০৬ "আমি কোন আয়াত(آيَةٍ) রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জান না যে, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান?"

আয়াতটি মনোযোগ দিয়ে পড়লে প্রতীয়মান হয় যে , এই আয়াতে 'আয়াত' এর মানে কোরানের আয়াত না হয়ে বাকি ৩ টি মানেই বেশি যুক্তিযুক্ত। কারন - এই আয়াতেরি কয়েকটি শব্দের দিকে খেয়াল করুন -

১) "বিস্মৃত করিয়ে দিলে"- কোরানের আয়াত বিস্মৃত হয়ে যাওয়া কিভাবে সম্ভব? বেশিরভাগ হাফেজ ভুলে গেলেও কারো না কারো তো মনে থাকার কথা , তদুপরি কোরান একবার লেখা হয়ে গেলে তো আর ভোলা সম্ভব নয়। যদি মেনেও নেই আয়াতটি বাতিল হয়ে গেছে , তবুও সেটা কোরানেই লেখা থাকবে এবং সেটা ভুলে যাওয়া কখনৈ সম্ভব নয়। অলৌকিক ঘটনা বা চিহ্ন বা উদাহরন ভুলে যাওয়া সম্ভব।

২) "সমপর্যায়ের আয়াত আনয়ন" - একটি কোরানের আয়াত বাতিল করে তারি মতো সমপর্যায়ের আরেকটি আয়াত আনয়নের মধ্যে কোন যুক্তি আছে কি? আল্লাহ কি খেলা করছেন? (আল্লাহ মাফ করুন)। বরং মূসা বা অন্য রসূলের কাছে এমন কোন অলৌকিক ঘটনা বা চিহ্ন বা উদাহরন দেয়া হয়েছিল যা মানুষ ভুলে গেলে উত্তম বা সমপর্যায়ের অলৌকিক ঘটনা বা চিহ্ন বা উদাহরন আনয়ন বেশি অর্থবহ।

৩) আপনি যদি এই আয়াতের কন্টেক্সট দেখেন অর্থাৎ আগে পিছের আয়াত পড়েন , তাহলে বুঝবেন , ২:১০৬ নং আয়াতে 'আয়াত' এর মানে কোরানের আয়াত নয়। এখানে 'আয়াত' শব্দটি দিয়ে আল্লাহর কুদরতের কথা বলা হয়েছে যা অলৌকিক ঘটনা বা চিহ্ন বা উদাহরনের সমার্থক।

আল্লাহ মানুষকে বোঝানোর জন্য যখনি কোন (আয়াতের) অলৌকিক ঘটনা বা চিহ্ন বা উদাহরনের আনয়ন করেন , তখন তা পূর্ববর্তী আয়াতের সমান বা বৃহৎ হয়ে থাকে।
"৪৩:৪৬-৪৮ আমি মূসাকে আমার নিদর্শনাবলী (بِآيَاتِنَا) দিয়ে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করেছিলাম, অতঃপর সে বলেছিল, আমি বিশ্ব পালনকর্তার রসূল। অতঃপর সে যখন তাদের কাছে আমার নিদর্শনাবলী (بِآيَاتِنَا) উপস্থাপন করল, তখন তারা হাস্যবিদ্রুপ করতে লাগল। আমি তাদেরকে যে নিদর্শনই (آيَةٍ) দেখাতাম, তাই হত পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা বৃহৎ এবং আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, যাতে তারা ফিরে আসে।"



২য় আয়াত ১৬:১০১
"এবং যখন আমি এক আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করি এবং আল্লাহ যা অবতীর্ণ করেন তিনিই সে সম্পর্কে ভাল জানেন; তখন তারা বলেঃ আপনি তো মনগড়া উক্তি করেন; বরং তাদের অধিকাংশ লোকই জানে না।"

এখানে কোন আয়াতের প্রতিস্থাপনের কথা বলা হচ্ছে , তা বুঝতে হলে , এই আয়াতেরি শেষের অংশটি খেয়াল করুন - "তখন তারা বলেঃ আপনি তো মনগড়া উক্তি করেন; বরং তাদের অধিকাংশ লোকই জানে না।" এখানে এই 'তারা' টা কারা? যারা রসূলকে মনগড়া বা বানিয়ে কথা বলার দায়ে অভিযুক্ত করছে? এরা নিশ্চয় রসূলের অনুসারীরা না। এমন কথা মূসলমানেরা তাদের রসূলকে বলতে পারে না।

এরা হলো তারাই , যারা রসূলকে বিশ্বাস করে না এবং রসূলের কাছে নাযিলকৃত কোরানের আয়াত তাদের কাছে রক্ষিত আল্লাহর আয়াত থেকে ভিন্ন। ফলে তারা রসূলকে মনগড়া উক্তি করার দায়ে অভিযুক্ত করছে। বোঝা গেল এরা হলো আহলে কিতাবের অনুসারীরা (ইহুদী ও খৃষ্টানরা)। শুধু এই আয়াতের মাধ্যমেই নয় , অন্য আয়াতের মাধ্যমেও আল্লাহ জানিয়েছেন যে , কোরান অনুসারীদের জন্য পূর্বের রসূলগনের জন্য নাযিলকৃত কিছু কিছু আয়াত বা আইনের পরিবর্তন করেছেন। আল্লাহ কোরানে একটি আয়াতের স্থলে অন্য আয়াত উপস্থিত করলেন কিনা তা ইহুদী ও খৃষ্টানদের যেমন জানার কথা নয় , তেমনি তাদের জন্য কোন মাথা ব্যাথার কারন হতে পারেনা বা তার জন্য ক্ষেপে যেয়ে রসূলকে মনগড়া উক্তি করার দায়ে অভিযুক্ত করতে পারেনা। সর্বশক্তিমান আল্লাহ "আপনি তো মনগড়া উক্তি করেন" এই বাক্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে , এই আয়াতে কোরানের আয়াত প্রতিস্থাপনের কথা বলা হয় নি । বরং আহলে কিতাবদের গ্রন্থে যে আয়াত আছে , তার স্থলে নুতন বা উত্তম আয়াত রসূলের কাছে নাযিলের কথা বলা হয়েছে।



Thursday, April 12, 2012

ধর্ম বনাম বিজ্ঞান (১)

প্রাচীন কালে ধর্ম ও বিজ্ঞান একে অন্যের পরিপূরক হিসাবে পাশাপাশি বিকশিত হয়েছে , তবে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এদের মাঝে দ্বন্দ্ব বাড়তে বাড়তে চরম ধর্ম বিরোধে রূপ নেয় অষ্টাদশ উণবিংশ শতাব্দিতে এসে। এই সময়ে বিজ্ঞানের নব নব আবিষ্কারের ফলে অনেকেই অনুভব করতে থাকেন যে অতিপ্রাকৃত কোন শক্তিতে বিশ্বাসের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। এর অন্যতম কারন হলো , এতদিন বিশ্বাস করা হতো অতিপ্রাকৃত কোন শক্তির অস্তিত্ব  ছাড়া এই মহাবিশ্বের  কোন ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। এখন ধর্ম বিরোধীরা বলতে লাগলেন , যেহেতু বিজ্ঞানের নব নব আবিষ্কারের ফলে এখন অতিপ্রাকৃত কোন শক্তি বা 'গড' হাইপোথেসিস ছাড়াই এই মহাবিশ্বের সকল দিকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দেয়া সম্ভব , সেকারনে অতিপ্রাকৃত কোন শক্তিতে বিশ্বাস বাহুল্য হয়ে পড়েছে। যেহেতু এই মহাবিশ্বের সকল প্রকৃয়া কিছু প্রাকৃতিক আইন মেনে পরিচালিত হয় , সেহেতু অতিপ্রাকৃত কোন শক্তি এই মহাবিশ্বকে পরিচালিত করছে  এমনটি ভাবা একমাত্র বদ্ধমনা সাধারন জ্ঞাণ বিবর্জিত মূর্খ আস্তিকদের পক্ষেই সম্ভব।  তাই কী?

 এই মহাবিশ্বে যা কিছুই ঘটে , তা ঘটে অতিপ্রাকৃত কোন শক্তির ইচ্ছা বা কারনে , এমনটাই প্রাচীন কাল থেকে আস্তিক মানুষ বিশ্বাস করে এসেছে। কিন্তু আধুনিক বিজ্ঞান দাবী করে , প্রতিটি ঘটনার পিছনে একটি কারন আছে। কারন ছাড়া কিছুই ঘটে না এবং এই কারন পর্যবেক্ষনের মাধ্যমে জানা সম্ভব। এই যেমন নিউটন পর্যবেক্ষন করলেন , বিশাল এই মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নির্দিষ্ট এক আইন মেনে বিশ্ব পরিক্রমন করে চলেছে , যা থেকে বিন্দুমাত্র বিচ্যুত হওয়ার উপায় নেই। এই আইনের নাম - মহাকর্ষ আইন।  ডারউইনের পর্যবেক্ষন বা গবেষনা থেকে জানা গেল - অতিপ্রাকৃত কোন শক্তি 'হও' বল্লেন আর  মানুষ সৃষ্টি হয়ে গেল এমনটা নয় , বরং ধাপে ধাপে জৈবিক আইন মেনে বিবর্তনের ভিতর দিয়ে নিম্ন প্রজাতি থেকে হোমো স্যাপিয়েন্স বা মানুষের সৃষ্টি হয়েছে। এভাবেই পর্যবেক্ষনের ও গবেষনার তথ্য উপাত্তের ভিত্তিতে বিজ্ঞানীরা অনুমান (inference)করে থাকেন যে , এই মহাবিশ্বের সকল ঘটনা এক কঠিন আইনে আবদ্ধ , যার অপর নাম - প্রাকৃতিক আইন ‘Law of Nature'।

জার্মান দার্শনিক কান্ট (Kant) তো ঘোষনাই দিলেন , " আমাকে কিছু পদার্থ (matter) দাও , আমি দেখিয়ে দেব কিভাবে পদার্থ থেকে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে।"  হেকেল (Haeckel) আরো এক ধাপ এগিয়ে বল্লেন - পানি , রাসায়নিক উপাদান ও সময় দেয়া হলে , তিনি মানুষ সৃষ্টি করতে পারবেন। নিৎসে (Nietsche) বিজয় ঘোষনা দিলেন , আল্লাহ মৃত।

মজার ব্যাপার হলো প্রাকৃতিক আইনের আবিষ্কর্তা এই নায়কেরা প্রায় সকলেই ছিলেন আস্তিক। নাস্তিকদের ধারনা অজ্ঞতা থেকেই মানুষ ধর্ম বিশ্বাসী হয়ে ওঠে। অতীতের মানুষ ঘটনার কারনগুলো জানতনা বলেই বিশ্বাস করত অতিপ্রাকৃত কোন শক্তিই সকল কিছুই ঘটিয়ে থাকে। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মানুষ যখন প্রকৃত কারন জানবে , তখন ধর্ম বিশ্বাস এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। যেমনটি জুলিয়ান হাক্সলি তার বইয়ে লিখেছেন-

 "রংধনু আকাশে 'গডের' কোন নিদর্শন নয় , কারন পড়ন্ত বৃষ্টির কণায় সূর্যের আলো প্রতিফলিত হলেই আকাশে রংধনূ দেখা যায়। প্লেগকে আল্লাহর গজব হিসাবে দেখার কোন উপায় নেই , কারন প্লেগের কারন হলো Bacillus pestis নামের এক জীবাণু , যা ইদুরের মাধ্যমে ছড়ায়। সকল প্রাণী ও উদ্ভিদ যেহেতু লক্ষ কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে আজকের অবস্থায় পৌছেছে , সেহেতু প্রাণী ও উদ্ভিদের সৃষ্টিতে আল্লাহর হাত আছে বলাটা বাতুলতা মাত্র। হিস্টেরিয়া ও পাগলামি যদি মনের বৈকল্যের কারনে ঘটে থাকে , তাহলে কোনভাবেই একে ভুত বা শয়তানের আছর লেগেছে বলা যায় না।" মোদ্দা কথা হলো - ঘটনা যদি প্রাকৃতিক কারনে ঘটে থাকে , তাহলে এগুলো অতিপ্রাকৃত কোন শক্তির কারনে যে ঘটেনি তা নির্দ্বীধায় বলা যায়।

ধর্মবিরোধীদের এই যুক্তির স্বাভাবিক কিছু দুর্বলতা আছে। ধরুন রেল লাইনের উপর দিয়ে একটি রেল গাড়ি ছুটে চলেছে। গাড়ির চাকা কেন ঘুরছে? গাড়ির ইন্জিন ও এর যন্ত্রাংশ পর্যবেক্ষন ও পরীক্ষার পরে এই স্বীদ্ধান্তে উপনীত হব গাড়ির ইন্জিন ও এর যন্ত্রাংশের কারনেই গাড়ির চাকা ঘুরছে। এই উত্তর কি যথেষ্ঠ?  অবশ্যই না।  ইন্জিনিয়ার , যিনি রেল ইন্জিনের ডিজাইন করেছেন এবং রেলের চালকের ভূমিকা সম্পর্কে না জানলে উত্তর সম্পুর্ন হবে না। কারন রেল ইন্জিন নিজে নিজেই তো আর তৈরি হতে পারে না বা নিজে নিজেই চলা শুরু করতে পারেনা। রেল গাড়ির ইন্জিন ও এর যন্ত্রাংশ সর্বশেষ বাস্তবতা নয়। সর্বশেষ বাস্তবতা হলো মন , যা এই রেল গাড়ির ইন্জিন ও এর যন্ত্রাংশকে অস্তিত্বে এনেছে  এবং একে ইচ্ছামত পরিচালনা করছে। আসলে প্রকৃতি ব্যাখ্যা দেয় না , বরং প্রকৃতিকেই ব্যাখ্যা করার দরকার।

ডিমের শক্ত খোলশ ভেঙ্গে  কিভাবে নরম মাংসের  মুরগির ছানা বের হয়? অজ্ঞ মানুষ এর পিছনে আল্লাহর হাত আছে বলে বিশ্বাস করে। আধুনিক বিজ্ঞানের কল্যানে ধর্ম বিরোধীদের যুক্তি হলো আল্লাহর হাত নয় বরং ২১ দিনের মাথায় মুরগির ছানার ঠোটে একটি সাময়িক শক্ত শিং গজায় , যেটা দিয়ে ডিমের শক্ত খোলশ ভেঙ্গে মুরগির ছানা বের হয়। এই যুক্তি একটি ফ্যালাসী। কারন স্বভাবতই প্রশ্ন জাগে , ঠিক ঠিক ২১ দিনের মাথায় মুরগির ছানার ঠোটে একটি সাময়িক শক্ত শিং গজানোর পিছনে যে আল্লাহর হাত নেই , তা কিভাবে তারা নিশ্চিত হলেন?  আসলে বিজ্ঞানীরা ঘটনার কার্যকারনের শৃঙ্খলে একটি নুতন লিঙ্ক যোগ করেছেন মাত্র। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা আরো বহু প্রশ্নের জন্ম দিয়েছেন। যেমনটি এর পরেই প্রশ্ন আসবে - শক্ত শিং গজায় কেন? ২১ দিনের বদলে ৩১ দিন পরেই বা না কেন? ইত্যাদি।

জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে আমরা প্রকৃতিকে আরো ভাল ভাবে বুঝতে পারছি ঠিকই , তবে এই জ্ঞান  অতিপ্রাকৃত কোন শক্তির অনস্তিত্বের প্রমান নয়। আদিম মানুষ অজ্ঞানতার ফলে বিশ্বাস করত রংধনু আল্লাহর নিদর্শন , আজ  ও আধুনিক বিজ্ঞানমনস্ক আস্তিক বিশ্বাস করে রংধনু আল্লাহর নিদর্শন এবং  পড়ন্ত বৃষ্টির কণায় সূর্যের আলো প্রতিফলিত করে সেটা তিনি করে থাকেন। আদিম মানুষ অজ্ঞানতার ফলে বিশ্বাস করত প্লেগ আল্লাহর গজব , আজ  ও আধুনিক বিজ্ঞানমনস্ক আস্তিক বিশ্বাস করে প্লেগ আল্লাহর গজব এবং সেটা তিনি Bacillus pestis ও ইদুর দিয়ে ঘটিয়ে থাকেন। তেমনিভাবে বিবর্তনের মাধ্যমেই মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি করতেই পারেন। এখানে বিজ্ঞানের সাথে তো ধর্মের কোন বিরোধ দেখি না।

ফলে আমরা  দেখি- বিজ্ঞানের এই উৎকর্ষের সময়েও ধর্ম বিলীন হয়ে যায় নি , যেমনটি নিৎসে (Nietsche) বিজয় ঘোষনা দিয়েছিলেন বা কান্টের ঘোষনা মতো পদার্থ থেকে আরেকটি  মহাবিশ্ব সৃষ্টি করে কেউ এখনো দেখাতে পারেনি বা হেকেলের দাবী মতো   পানি , রাসায়নিক উপাদান ও পর্যাপ্ত সময় দেয়া হলেও কেউ এখনো মানুষ সৃষ্টি করতে পারেনি।

Thursday, April 5, 2012

মূসা নবীর ফেরাউন কে ছিল? (৪)

Koptos – Coptos – Qobt – Qibt – Egypt এই নামেই ৫০০০ বছর ধরে দেশটি পরিচিত।

মিশর/Misr নামে কবে থেকে দেশটি পরিচিতি পেল?

খৃঃপূঃ ৪র্থ শতকে মহাবীর আলেক্জান্ডার সেই সময়কার সর্ববৃহৎ ও শক্তিমান গ্রীকসম্রাজ্য প্রতিষ্ঠা করেন , যার অধীনে ছিল পশ্চিম ভারত , ইরান , মেসোপটেমিয়া ও ইজিপ্ট। ফলে গ্রীক ভাষা , আজকের ইংরেজি ভাষার মতোই সেই সময়কার পৃথিবীতে সর্বব্যাপী ছিল। সেই সময়ে গ্রীক ম্যান্ডেট নিয়ে ইজিপ্টের শাসনকর্তা ছিলেন টলেমি ফিলোডেলফিস , যিনি টলেমি২ নামেই বিশ্বে বেশি পরিচিত।  

 
Alexander's Empire, during its zenith (4th Centiry B.C)

টলেমি২ কিছু ইহুদী ধর্মজাযককে নিয়োগ করেন বাইবেলের ওল্ড টেস্টামেন্টকে আরামিক থেকে গ্রীক ভাষায় অনুবাদ করার জন্য। এরাই প্রথম ষড়যন্ত্রের মাধ্যমে সর্ব প্রথম বাইবেলে বর্ণীত মিসরিমের অনুবাদ করেন ইজিপ্ট। সেই থেকেই গ্রীক বাইবেলের কল্যানে সারা পৃথিবীর খৃষ্টান ও ইহুদীরা ইজিপ্টকে মিশর/Misr নামেই চেনে। সাধারনত কোন দেশ বা জায়গার নাম অনুবাদ করার সময় অপরিবর্তিতই থাকে বা উচ্চারনের সুবিধার জন্য সামান্য কিছু পরিবর্তন হয় যার সাথে আদি নামের মিল থাকে। যেমন 'ঢাকা' ইংরেজিতে Decca , কলিকাতা-calcutta। কিন্তু দেখুন মিসরিমের/Misrim সাথে ইজিপ্টের /Egyptus কোনই মিল নেই। সম্পুর্ন ভিন্ন দুটি নাম।

আরামিক বাইবেলের যেখানেই মিসরিম/Misrim লেখা আছে , সেখানেই গ্রীক বাইবেলে অনুবাদ করা হয়েছে ইজিপ্ট /Egyptus । এখন দেখি আরামিক বাইবেল থেকে একটি আয়াত (Genesis 21:21):

וישׁב במדבר פארן ותקח־לו אמו אשׁה מארץ מצרים

আরামিক আরবির মতোই বাম থেকে ডানে লেখা হয়। আন্ডারলাইন করা শেষ শব্দটিই হলো মিসরিম।

প্রথম বর্ণ "מ" 'মেম'  উচ্চারিত হয় 'ম'
২য় বর্ণ "צ" 'ত্সেড'  উচ্চারিত হয় 'স'
৩য় বর্ণ "ר" 'রেশ'  উচ্চারিত হয় 'র'
৪র্থ বর্ণ "י" 'ইয়োড'  উচ্চারিত হয় 'ই'
৫ম বর্ "ם" এটাও 'মেম' বা 'ম' (শব্দের শেষে থাকলে এভাবে লেখা হয়)

একসাথে করলে পাই- 'মিসরিম' ( আদি আরবি কোরানে যেমন লেখা ছিল না , তেমনি আরবির মতোই আরামিক ভাষায় জের , জবর , পেশ লেখা হয় না)

এখন দেখুন এর অনুবাদ গ্রীক ভাষায় করা হয়েছে Αἰγύπτου.

প্রথম বর্ণ :  "A"  “আলফা”, উচ্চারিত হয়  “a”.
২য় বর্ণ: "ἰ" “আয়োটা”, উচ্চারিত হয়  “i”.
৩য় বর্ণ: "γ" “গামা”, উচ্চারিত হয়  “g”.
৪ট্থ বর্ণ: "ύ"   “উপসিলন”, উচ্চারিত হয়  “i”or “y”
৫ম বর্ণ: "π"   “পাই”, উচ্চারিত হয়  “p”.
৬ষ্ঠ বর্ণ: "τ”   “টাউ”, উচ্চারিত হয়  “t”.
৭ম বর্ণ: "ο"   “অমিক্রন”, উচ্চারিত হয়  “o”.

এখন একসাথে করলে পাই- A-i-g-i(y)-p-t-o (ইজিপ্টো).

ইজিপ্ট যদি মিশর না হবে , তাহলে বাইবেল বা কোরানে যে মিসরিম/مصر এর কথা বলা হয়েছে , সেটা তাহলে কোথায়? এর উত্তর ভবিষ্যতে দেয়ার ইচ্ছা রইল।

Tuesday, March 6, 2012

কোরান নিয়ে মুসলমানদের ভন্ডামি

(আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহমদ মনসুরের লেখা থেকে.
মুসলমান বলতে আমি সরলিকরন করে সকল মুসলমান নয় , বরং বেশিরভাগ মুসলমানকেই বুঝাচ্ছি।)

মুসলমানদের চিন্তায় ও বিশ্বাসে লিখিত বা ছাপানো কোরান (মুস-হাফ) এবং কোরানের বাণীর মাঝে পার্থক্য আছে। তারা মুস-হাফকে পবিত্র জ্ঞানে সম্মান করে , এর সম্মান রক্ষার্থে জীবণ দিতে ও নিতে পিছপা হয় না , কিন্ত কোরাণের বাণীতে বিশ্বাস করে না। কিছু উদাহরন -

সকলেই জানেন যে , সালমান রুশদিকে 'সাটানিক ভার্সেস বা শয়তানের আয়াত' বইটি লেখার জন্য মৃত্যুদন্ডের ফতোয়া দেয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সালমান রুশদি শয়তানের আয়াত নিজের থেকে বানিয়ে লেখেন্নি , বরং তিনি এর মালমশলা নিয়েছেন মুসলমানদের ধর্মীয় স্কুল মাদ্রাসায় বহুল পঠিত আন-নাসাফির তাফসীর গ্রন্থের সুরা নাজমের (৫৩) ব্যাখ্যা থেকে। আন-নাসাফির তাফসীর গ্রন্থ আল আজহার হাই স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত। ছাত্রাবস্থায় আমার কাছে এই তাফসীর কোরানের প্রতি আক্রমন মনে হওয়ায় আমি এর জোরালো প্রতিবাদ করলে , শিক্ষক তাচ্ছিল্যপূর্ণভাবে আমার মুখ বন্ধ করে দিয়েছিলেন। যূগ যূগ ধরে তাদের স্কলারদের লেখা কোরানের প্রতি এই যে আক্রমন তারা সযত্নে লালন করে আসছে ও ধর্মীয় স্কুল মাদ্রাসায় শিখিয়ে আসছে , তাতে তাদের বিকার হয় না , কিন্তু সালমান রুশদি সেটা নিয়ে লিখলেই তাদের বিকার হয় , তার কল্লা ফেলানোর জন্য ব্যতিব্যাস্ত হয়ে ওঠে। এটাকে ভন্ডামি না বল্লে আর কোনটাকে ভন্ডামি বলা যায় , আমার জানা নেই।

লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট গাদ্দাফি , তার অনেক বৈপ্লবিক (?) আইডিয়ার মতো , কোরান থেকে একটি শব্দ 'বলুন'/قُلْ বাদ দেয়ার প্রস্তাব দিলে , আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড শেখ আব্দিল-হালিম মাহমুদ তার স্বভাবগত শান্ত ভাবে ৩ বার উচ্চারন করলেন , 'কুফরুন' 'কুফরুন' 'কুফরুন'। তিনি কোরান থেকে একটি মাত্র শব্দ বাদ দেয়ার প্রস্তাবনায় ক্ষেপে গিয়েছিলেন , অথচ এই শেখকে আমি স্বকর্ণে বলতে শুনেছি , " 'ইহিয়া' (গাজ্জালির লেখা বই) কোরানের মতোই ভাল বা প্রায় কোরানের সমকক্ষ।" আমি তার এই স্পর্ধা দেখে 'থ' হয়ে গিয়েছিলাম , কারন ইহিয়া উলুম ইদ্দ্বীনে গাজ্জালি আল্লাহ ও রসূলকে নিয়ে এমনি মিথ্যা ও বানানো কথা লিখেছে , যা কফি আনানের মনে ও কখনো আসবে না। গ্রান্ড শেখের এই অবস্থান নুতন কিছু নয় , এটাই মুসলমানদের মানসিকতার প্রতিচ্ছবি। এরা লিখিত কোরানের তথা মুস- হাফের পবিত্রতা রক্ষায় বদ্ধপরিকর , কোরানের বাণীর নয়। নইলে কোরান ছাড়া অন্যান্য স্কলারদের লেখা এবং রসূলের নামে প্রচলিত হাদীসকে এরা মানুষের কথা হিসাবে , দর্শন ও ইতিহাসের অংশ হিসাবে দেখত , ধর্মের অংশ ও কোরানের সমকক্ষ হিসাবে নয়। কোরানের মুস-হাফের জন্য এরা জীবণ দিচ্ছে ও নিচ্ছে , অন্যদিকে তাদের স্কলারদের লেখা , যা কিনা কোরানের বাণীকে মিথ্যা প্রতিপন্ন করছে , তাকে এরা কোরানের সমতুল্য ভাবছে। এর থেকে ভন্ডামি আর কি হতে পারে?

জাকাজিক আজহার ইন্সটিটিউটের ছাত্র থাকাকালীন আমাকে প্রতিদিন এক পীরের মাজার কেন্দ্রিক মসজিদের পাশ দিয়ে যাওয়া লাগত। প্রতিদিন ঐ মাজারে পীরের আশীর্বাদ নিতে বহু লোক আসত। ঐ মসজিদের প্রবেশপথে পাথরে খোদাই করে কোরানের একটি আয়াত লেখা ছিল - " নিশ্চয় মসজিদ (প্রার্থনা স্থল) আল্লাহর জন্য। তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকোনা।" কোরানের আয়াতের কেমন উপেক্ষা!! আল্লাহর সাথে আর কাউকে ডাকতে মানা করা হচ্ছে , আর এই মুসলমানরা পীরকে ডাকছে ইহজাগতিক লাভ ও পরকালের কামিয়াবীর আশায়। মানুষের মানসিক এই স্থবিরতা দেখে তখনি আমার হাসি পেত। বড় হয়ে কোরানের এই আয়াতের পূর্ণ মানে যখন আমার বুঝে আসল , বুঝলাম বলা হয়েছে সকল প্রার্থনা স্থলে , প্রার্থনার সময় এবং এমনকি প্রার্থনার জন্য ডাকার সময়েও আল্লাহর নামের সাথে আর কারো নামের উল্লেখ পর্যন্ত করা যাবে না। আজ আমরা কি দেখছি - প্রায় প্রতিটি মসজিদের ভিতরে মিম্বরের একপাশে আল্লাহর নাম এবং অন্যপাশে মুহম্মদের নাম খোদাই করা, খুৎবায় ইমামরা আল্লাহর বাণী ও আল্লাহর নামের চেয়ে মুহম্মদের নাম ও তথাকথিত হাদীসের বর্ণনায় বেশি করছেন , আজানে আল্লাহর সাথে সাথে মুহম্মদকেও ডেকে চলেছে। ব্যাপারটা কেমন দাড়ালো? মুহম্মদ তো আল্লাহর নাম নয়। অর্থাৎ কোরানের বাণীকে এরা ভ্রুক্ষেপ ও করছেনা। কোরানের মুস-হাফকে নিয়ে মুসলমানদের এত মাতামাতি , অন্যদিকে কোরানের বাণীকে নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই , এর থেকে বড় ভন্ডামি আর কি হতে পারে?

এমনি ভাবে মুসলমানদের কোরান নিয়ে ভন্ডামির অসংখ্য উদাহরন দেয়া সম্ভব। যার অন্যতম হলো কোরানে শাফায়াত নেই বলা সত্বেও মুসলমানদের মুহম্মদ কর্তৃক শাফায়াতে বিশ্বাস , মূর্তী পুজা পাথর পূজা নিষিদ্ধ করা হলেও হজরে আসওয়াদ নামক পাথরে চুমু খাওয়া , জমজমের পানিকে পবিত্র মনে করা। জমজম নিয়ে দুটো কথা না বল্লেই নয়। জমজম নামটির সাথে ওল্ড টেস্টামেন্টে বর্ণীত জমজমুন গোষ্ঠীর নামের মিল লক্ষনীয়। মরুভূমির বাসিন্দা এই গোষ্ঠীর লোকেরা ঝর্নার পানি পুজা করত।

মুসলমানদের কোরান নিয়ে ভন্ডামি নিয়ে ভবিষ্যতে আরো লেখার ইচ্ছা রইল।

Monday, March 5, 2012

গাজ্জালী (১০৫৮-১১১১ খৃঃ) -একের ভিতর দুই

গাজ্জালী একাধারে মোল্লা ও সুফী হওয়ার সুবাদে তাকে একের ভিতর দুই টাইটেল দেয়াটা ভুল কিছু হবে না । মুসলিম জাহানে হুজ্জাতুল ইসলাম 'ইমাম' মুহাম্মদ আবু হামিদ গাজ্জালীর মতো মনীষি আর দ্বিতীয়টি নেই। তিনি 'দরসে নিজামী' র রুপকার এবং বিশেষ করে "এহইয়াউল উলুমদ্দিন" ও 'কিমিয়ায়ে সাদাত' বই দুইটির লেখক হবার সুবাদে আজো মুসলমানরা তার নাম ভক্তিভরে স্মরন করে থাকে। আমাদের এক ইসলামি ওয়েব সাইটের উদ্ধৃতি-

হযরত ইমাম গাজ্জালী (রহ:) যখন "এহইয়াউল উলুমদ্দিন" গ্রন্হটি লিখেছিলেন তখন এ প্রবাদ বাক্যটি সারা দেশে ছড়িয়ে পড়েছিল "পৃথিবীর সমস্ত বই যদি ধ্বংশ হয়ে যায় , একমাত্র "এহইয়াউল উলুমদ্দিন" পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারবে" ।


এখানে আমি প্রধানত দেখাতে চেষ্টা করব "এহইয়াউল উলুমদ্দিন" বই থেকে কিছু জ্ঞানের অংশ। "এহইয়াউল উলুমদ্দিন" বা 'জ্ঞানের পুনর্জাগরন' বইটি যত পড়া যাবে , ততই জ্ঞানের পুনর্জাগরন না হয়ে সাধারন জ্ঞানের(Common Sense) অপমৃত্যু ঘটবে বলেই মনে হয়। গাজ্জালী সেই সকল মোল্লা ও সুফীদের একজন , যারা কোরানকে পরিত্যাগ করে কোরান বহির্ভূত জ্ঞানকেই গুরুত্ব দিয়েছেন। তার বই "এহইয়াউল উলুমদ্দিন" বইথেকে এর উদাহরন দেয়ার আগে চলুন তার আর এক অমর কীর্তির ব্যাপারে কিছু আলোচনা করা যাক , পাঠকদের বোঝার সুবিধার্তে।



দারসে নিজামী (রূপকার - ইমাম গাজ্জালী)



নিজামুল মুলক্‌ তুসী (১০১৮-১০৯২ খৃঃ) সুলযুক রাজা মালিক শাহ ও তার পরের রাজা আল্প আরসালান দুজনেরই প্রধানমন্ত্রী ছিলেন। তুসী মুসলমানের ছদ্মবেশে একজন জোরোয়াস্ট্রিয়ান বা অগ্নিউপাসক ছিলেন।(Nihaayat-e-Tareekh-Abbasi, Sheikh al-Hafiz Yousuf Naishapuri). ‌তুসী ১০৬৭ খৃঃ বাগদাদে বিখ্যাত নিজামীয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটাই তৎকালীন ইসলামী বিশ্বের প্রধান বিদ্যাপীঠ ছিল এবং এর আনেক শাখা বিশ্বের বহু জায়গায় ছড়িয়ে ছিল , যেমন খোরাসান , নিশাপুর , দামাস্কাস , বুখারা এবং আরো অনেক জায়গায়। বাগদাদের বিখ্যাত নিজামীয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ইসলাম বিকৃতকারীদের প্রধান 'ইমাম' মুহাম্মদ আবু হামিদ গাজ্জালী , যিনি টুসীর সাথে নিজামী সিলেবাসের প্রবক্তা। গাজ্জালী খুব কটূভাবে রসূল ও তার সাহাবাদের হেয় করেছেন। যেমন তিনি লিখছেন যে , ২য় খলিফা ওমর রোজা ভাঙ্গতেন ইফতারি অর্থাৎ খাদ্য খেয়ে বা পানীয় পান করে নয় , তিনি রোজা ভাঙ্গতেন ৩ জন দাসীর সাথে সঙ্গমের মাধ্যমে। এরকম আরো উজ্জল দৃষ্টান্ত তার "এহইয়াউল উলুমদ্দিন" বইথেকে দেয়ার ইচ্ছা রইল।



১০৬৭ সালে নিজামীয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার থেকে হাজার বছর পেরিয়ে গেছে , কিন্তু আজো বিশ্বের প্রায় সকল মাদ্রাসায় এই দুই ইসলামের ক্রিমিনালের (গাজ্জালী ও টুসী) রুপকৃত সিলেবাস অনুসরন করা হয়ে থাকে। বিশ্ব এখোনো হাজার বছর আগের অবস্থায় দাড়িয়ে হয়ে আছে , কোন অগ্রগতি নেই!! এই সিলেবাস স্টুপিডিটি ছাড়া আর কিছু নয় , এখানে কোরানের আয়াত সম্পর্কে চিন্তার কোন অবকাশ রাখা হয় নি। নির্বোধ বানিয়ে রাখাই এই সিলেবাসের উদ্দেশ্য।



নিজামুল মুলক্‌ তুসীর ষড়যন্ত্র সম্পর্কে জানতে হলে , একটি উদাহরনই যথেষ্ট - প্রধানমন্ত্রী হিসাবে তিনি দুই রাজাকেই উপদেশ দিয়েছিলেন , বহিশত্রুর আক্রমন থেকে রাজ্যকে রক্ষার জন্য কোন প্রতিরক্ষা প্রস্তুতির দরকার নেই । কারন তার দাবী ছিল , তার ছাত্রদের তসবিহতে ওজীফা পাঠই সকল শত্রু খতম করা ও দুরে রাখার জন্য যথেষ্ট। ফলাফল নিশ্চয় জানেন। বিধর্মী হালাকু খান কতৃক বাগদাদ ধংস।


এমনকি আজকের জমানাতেও ১৬টি 'উলুম বা বিজ্ঞান' নামে যে অপবিজ্ঞান আমাদের মাদ্রাসাগুলোতে নিজামীয়া সিলেবাস অনুযায়ী পড়ানো হয় , তা একটি ছাত্রের জীবন থেকে অমূল্য ৮টি বছর ধংস করে ফেলছে। মজার ব্যাপার হলো বেশির ভাগ মোল্লাকে যদি জি্জ্ঞাসা করা যায় , ৮টি বছর ধরে তারা যে 'দারসে নিজামিয়া' পড়লো , তার রূপকার কে , তারা বলতে পারবে না।

"তোমরা ঘুনাক্ষরেও কোরান বোঝার চেষ্টা করবে না , তাহলে পথভ্রষ্ট হবে। কোরান বুঝতে হলে ১৫ 'উলুম' বা জ্ঞান জানা প্রয়োজন।" - মাওলানা জাকারিয়া কান্ধালি , ফাজায়েল আমল।




কি সেই 'উলুম' যা না জানলে কোরান বোঝা যাবে না। আসুন গাজ্জালীর "এহইয়াউল উলুমদ্দিন"-ভলুম২ থেকে কিছু জ্ঞান আহরন করি।



" খাওয়া শেষ হলে কাপ প্লেট চেটে , পানি দিয়ে ধুয়ে , সেই পানি খেলে , একটি দাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়। যে কাপড় বিছিয়ে খাবার খাওয়া হয় , তার উপরে পড়ে থাকা খাবার খেলে জীবন সুন্দর হয় , সন্তানেরা সুস্থ থাকে এবং বেহেস্তের হুরীদের জন্য বিবাহের উপহার হয়।" কি সুন্দর অমূল্য উপহার!!



"আমার শ্রেষ্ঠ বন্ধু সেই , যে বেশি বেশি খায় ও বড় বড় লোকমা খাবার মুখে দেয়।"



"গরুর গোষ্ত রোগ , গরুর দুধ চিকিৎসা" কোরানে কেন যে গরুর গোষ্ত হারাম করা হয় নি?



"হজরত আলী বলেছেন -' যদি তোমরা লবন মুখে দিয়ে সকালের খাওয়া শুরু কর , তাহলে আল্লাহ তোমাদের ৭০টা রোগ বালাই দুর করে দেবেন। হালুয়া মিষ্টি খেলে হোলের বিচি ঝুলে যায়।" আমি আবার মিষ্টি পছন্দ করি। কি যে করি!!



" রোগ শোক মুক্ত সুস্থ জীবন লাভের সর্বোত্তম পন্থা হলো , অল্প বয়সী মেয়ে বিয়ে করা। কখনো কচি মেয়ে ছাড়া বিয়ে করো না।" সর্বরোগের মহৌষধ!!



"জ্ঞানী ব্যক্তিরা ডান পাশ ফিরে ঘুমায় , রাজা বাদশারা বাম পাশ ফিরে ঘুমায় আর শয়তান উপুঢ় হয়ে মুখ নিচের দিকে করে ঘুমায়।" এখন থেকে ডান পাশ ফিরে ঘুমানো প্রাকটিস করা লাগবে!!



" সকালের নাস্তা না খেয়ে গোসল করলে এবং গোসলের পরে নাস্তা করতে দেরি করলে মানুষ মরে যায়। আমি আশ্চর্য হব , যদি এর পরেও মানুষ বেচে থাকে।" এই জ্ঞান লাভের পরে বিজ্ঞানচর্চায় কেনো মুসলমানেরা পিছিয়ে পড়েছে , তা কিছুটা আন্দাজ করা যায়।



"শাবি মাজ বিন জাবল প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় বল্লেন ' আমাকে তাড়াতাড়ি বিয়ে দাও। আমি অবিবাহিত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষি হ'তে ঘৃনা বোধ করি'।"

ঐ হবু বিধবার জন্য করুনা ছাড়া আর কিই বা করতে পারি।



"রসূল বলেছেন যে ঘরের কোনায় পড়ে থাকা একটুকরো কম্বল ও বাজা (নিঃসন্তান) স্ত্রীর থেকে উত্তম।"



"একটা হাদীস আছে যে , কালো মহিলা যার সন্তান আছে , সে সুন্দরি সন্তানহীনা মহিলার থেকে উত্তম।" লক্ষ্য করেছেন কি , কালোকে কুশ্রির সমার্থক বলা হয়েছে।



গাজ্জালী আরো বলেছেন , " যখন কোন মানুষের পুরুষাঙ্গ উত্থিত অবস্থায় থাকে , তখন তার মনের দুই তৃতিয়াংশ ও ধর্মের দুই তৃতিয়াংশ তাকে পরিত্যাগ করে।" কি অসাধারন জ্ঞান আমাদের হুজ্জাতুল ইসলাম 'ইমাম' মুহাম্মদ আবু হামিদ গাজ্জালী আমাদেরকে দান করেছেন!!



"জুনাইদ বাগদাদী বলেছেন ' আমাদের খাবার যেমন দরকার , তদ্রুপ সেক্স ও দরকার'।"



গাজ্জালী কতৃক রসূলকে অবমাননার উদাহরন-

"রসূল বাড়ি থেকে বের হয়ে আসলেন। পথে তিনি এক মহিলাকে দেখে তৎক্ষনাত বাড়ি ফিরে গেলেন । বাড়ির ভিতরে যেয়েই তিনি স্ত্রী জয়নবের সাথে যৌনমিলন করলেন। তারপর তিনি বাইরে এসে বল্লেন ,' যখনি পথে কোন নারীর সাথে দেখা হয়, সে নারী শয়তানের ছদ্মবেশে আসে'। " গাজ্জালী বা অন্য কারো পক্ষে কি জানা সম্ভব , রসূল বাড়ির ভিতর ঢুকে কি করেছিলেন? নাকি রসূল কাচের ঘরে বাস করতেন , যে বাইরে থেকে সব কিছু দেখা যায়? আমাদের নবী ও তার অনুসারীদের কি প্রাইভেসী বা সামান্যতম চক্ষু লজ্জা বলতে কিছু ছিল না? আমাদের ঐতিহাসিকরা নবীকে এভাবেই বর্ননা করেছেন যে তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিছানায় নারীসঙ্গে কাটিয়েছেন। কিন্তু কোরানে কি পাই? রসূল রাতের দুই তৃতিয়াংশ প্রার্থনায় কাটাতেন।


আমাদের মোল্লাদের মাথায় যৌনচিন্তা ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না। চলবে....।


গাজ্জালী থেকে যৌনজ্ঞান নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যায় , কিন্তু অনেকেরি আপত্তির কারনে আর লিখলাম না। এখন থেকে অনলাইন চেক করা যায় এমন তথ্যই শুধু দিব।



আমাদের এই ব্লগে অনেক অবিবাহিত ভাইরা আছেন , যারা বিবাহে ইচ্ছুক বা অনিচ্ছুক। চলুন গাজ্জালী থেকে বিবাহের উপকারিতা , অপকারিতা ও আদর্শ নারীর পরিচয় জানা যাক , যাদের বিয়ে করলে জীবনে সুখী হবেন।

সুত্র- http://www.banglakitab.com/IhyauUlumuddin/IhyauUlumuddin-ImamGhazzaliRA-Vol-2-Page-214-321.pdf



"বিবাহ করা আল্লাহর এবাদতের জন্য নির্জনবাস অপেক্ষা উত্তম।"



"আমাদের এযূগে বিবাহ না করাই শ্রেয়। আগেকার যূগে এর ফযীলত ছিল। তখন মহিলাদের বদাভ্যাস ছিল না।"



"যার যৌন সামর্থ্য আছে সে যেন বিয়ে করে। কারন , এতে দৃষ্টি বেশি নত থাকে এবং লজ্জাস্থানের অধিক হেফাযত হয়। আর যে বিবাহ করতে না পারে , সে যেন রোজা রাখে। কারন রোজা তার জন্য খাসী হওয়ার সামিল।"



"দুটি বস্তু মানুষের ধর্ম বিনষ্ট করে - লজ্জাস্থান ও পেট।"



"ইমাম আহমদ ইবনে হাম্বলের পত্নি অর্থাৎ আব্দুল্লাহ জননী যেদিন ইন্তেকাল করেন , তার পরের দিন তিনি ২য় বিবাহ করে নেন এবং বলেন : আমার মনে হয় যেন রাতে আমি অবিবাহিত।"



"হযরত আলী অন্য সাহাবীগনের তুলনায় অধিক সংসারত্যাগী ছিলেন। অথচ তার চার জন পত্নী ছিলেন।"



"রসূলে করীম বলেন : ২ শত বছর পরে মানুষের মধ্যে সেই উত্তম হবে যে সম্পদ ও সন্তান-সন্ততি কম রাখবে। তার না থাকবে স্ত্রী , না বাচ্চা।"



"পুরুষত্বহীন ব্যাক্তির জন্যেও বিবাহ করা মোস্তাহাব।"



"বিবাহের উপকারিতা হচ্ছে চিত্তবিনোদন এবং এর দ্বারা এবাদতে শক্তি সঞ্চয়।"



"বিবাহের কারনে সৃষ্ট ১ম বিপদ হালাল রুজি রোজগারে অক্ষম হওয়া। সে হারাম দ্বারা পরিবার পরিজনদের খাওয়াতে বাধ্য হবে। ফলে নিজে ও ধ্বংস হবে এবং অন্যকেও ধ্বংস করবে। যে অবিবাহিত , সে এই বিপদ থেকে মুক্ত।"



"২য় বিপদ - স্ত্রী পুত্র-পরিজন প্রজাতুল্য। প্রত্যেক ব্যক্তিকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।"



"৩য় বিপদ - স্ত্রী পুত্র-পরিজন মানুষকে আল্লাহর স্মরন থেকে বিরত রাখে এবং দুনিয়াদারীর দিকে ঝুকিয়ে দেয়।"



কেমন কনে?



"কনে সতী ও দ্বীনদার হওয়া উচিৎ। এটা মূলগুন। কনে যদি নিচ জাত , অসতী ও কম দ্বীনদার হয় , তবে বরের দুর্ভোগের অন্ত থাকবে না।"



"৬ প্রকার নারীকে বিবাহ করো না- আন্নানা , মান্নানা , হান্নানা , হাদ্দাকা , বারবাকা ও শাদ্দাকা। এরা হলো , যে সর্বদা কাতরায় ও রোগিনী , সর্বদা বলে এই করেছি সেই করেছি , পূর্বের স্বামী ও সন্তানদের প্রতি আসক্তি , সবকিছুর উপরে লোভ পোষন করে ও পেতে চায় , সারাদিন সাজসজ্জা ও প্রসাধনে মেতে থাকে ও যে খুব বকবক করে।" নারীর এই সকলগুন বিয়ের আগে কিভাবে জানা সম্ভব , সে ব্যাপারে তিনি কোন জ্ঞানদান করেন নি!!



"রুপলাবন্য অন্যতম গুন। এগুনটি এজন্য কাম্য যে , এরফলে স্বামী যিনা থেকে মুক্ত থাকে। স্ত্রী কুশ্রী হলে মানুষ স্বভাবতই অতৃপ্ত থাকে। যার মুখমন্ডল সুশ্রী , তার চরিত্র ও ভাল হয়। এটাই সাধারন নিয়ম।"



গাজ্জালীর স্বপ্নকন্যা - "সুন্দরী , চরিত্রবতী , কালকেশী আনতনয়না , গৌরবর্না ও স্বামীনিবেদিতা স্ত্রী কেউ পেয়ে গেলে সে যেন বেহেশ্তের হুর পেয়ে যায়।"



"৪র্থ গুন মোহরানা কম হওয়া"



"৫ম গুন বন্ধ্যা না হওয়া।" বিয়ের আগে জানার কোন উপায় আছে কি?



"৬ষ্ঠ গুন কুমারী হওয়া।"



"৭ম গুন অভিজাত বংশের দ্বীনদার ও সৎ পরিবারের কনে হওয়া।"



"৮ম গুন নিকটাত্মীয় না হওয়া। এটা কামস্পৃহা হ্রাস করে।"



"রসুলুল্লাহ বলেছেন : কনেকে বিবাহ দেয়ার মানে তাকে বাঁদী করা। অতএব নিজের কন্যাকে কোথায় দিচ্ছ তা দেখে নাও।"



বিবাহিতদের জন্য কিছু উপদেশ-



"স্ত্রীর সাথে সদাচরন করা এবং দয়াপরবশ হয়ে তাদের নিপীড়ন সহ্য করা।"



"পীড়ন সহ্য করা সত্বেও স্ত্রীদের সাথে হাসিতামাশা ও আনন্দ করবে।"



"হযরত হাসান বসরী বলেন : যে ব্যাক্তি স্ত্রৈণ অর্থাৎ স্ত্রী যা চায় তাই করে , আল্লাহ তায়ালা তাকে উপুড় করে দোযখে ফেলে দিবেন। হযরত ওমর বলেন : স্ত্রীদের মর্জির বিপরীত কাজ কর, এতে বরকত হয়। স্ত্রীদের সাথে পরামর্শ কর এবং তারা যে পরামর্শ দেয় তার বিপরীত কর।"



"হাদীসে আছে - স্ত্রীর গোলাম ধ্বংস হোক।"



"স্ত্রীদের লাগাম সামান্য শিথিল করে দিলে তারা পুরুষকে কয়েক হাত হেচড়ে নিয়ে যাবে। পক্ষান্তরে লাগাম টেনে রাখলে ও জায়গামতো কঠোর হলে স্ত্রীরা আয়ত্বে থাকবে।"



"ইমাম শাফেয়ী বলেন : স্ত্রী , খাদেম ও নিবর্তিদের সম্মান করলে তারা তোমাকে অপদস্ত করবে।"



"হযরত ওমর বলতেন : স্ত্রীদেরকে উৎকৃষ্ট পোশাক দিও না , তাহলে গৃহমধ্যে থাকবে। হযরত মুয়ায তার স্ত্রীকে আলো আসার ছিদ্র দিয়ে বাইরে তাকানোর জন্য শাস্তি দিয়েছেন।"



"বর্তমানে বৃদ্ধাদের ছাড়া অন্যদের জন্য মসজিদে যাওয়ার অনুমতি না থাকা উত্তম।"



গাজ্জালীর জ্ঞানের সমুদ্র থেকে অল্প কিছু এখানে উল্লেখ করলাম। যারা উৎসাহী , তারা পুরোটাই পড়ে নিজেকে অশেষ জ্ঞানের অধিকারী করতে পারেন। এ সুযোগ হেলায় হারানো উচিৎ নয়।