Friday, December 15, 2017

আমিন (আমেন)

আমিন' শব্দটির সাথে আজকের মুসলমানদের নুতন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই। আমার ব্লগে ও এই শব্দটি বহুল প্রচলিত। যে কোন দো'য়ার পরে "বলুন আমিন" শব্দটি বলা হয়ে থাকে , এমনকি অনেক সময় ব্যাঙ্গার্থেও। সাধারনত নামাজে ঈমামের সুরা ফাতেহা তেলাওয়াত শেষ হওয়ার পরে নামাজীগণ সমস্বরে উচ্চকন্ঠে বা আস্তে আমিন বলে থাকেন এবং নামাজ শেষে বা ওয়াজ মহফিলে দোয়ার সময় উপস্থিৎ জনতা আমিন আমিন বলে আকাশ বাতাস কাপিয়ে দেন। আমীনের মানে ও এর প্রাগৈতিহাসিক উৎপত্তি নিয়েই এখানে আলোচনা করব।

মুসলমানরা আমিন বলে কেন?

'আমিন' শব্দটি যে অর্থে আজকের মুসলমানরা বলে থাকে , সেই অর্থে 'আমিন' শব্দটি কোরানের কোথাও খুজে পাওয়া যাবে না। স্বভাবতই মনে প্রশ্ন জাগে , আল্লাহর শেষ কিতাব কোরানে 'আমিন' শব্দটি না থাকার পরেও আজকের মুসলমানরা 'আমিন' শব্দটিকে কেন এত গুরুত্ব দেয়? ঠিকি অনুমান করেছেন। এর উৎপত্তি হাদীস থেকে। 
 আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে রাসুল (সা) ইরশাদ করেন যে, ইমাম যখন আমীন বলবে তোমরাও তখন আমীন বলবে। কারণ ফেরেশতাগণের আমীন বলার সাথে যার আমীন বলা হবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।
ইমাম তিরমিযী (রহ) বলেন, আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ।

এছাড়াও সহীহ বুখারি ভলুম-৬/চ্যাপ্টার-২ তে অনুরুপ হাদীস পাবেন।  

এই হাদীসগুলো যে মিথ্যা , তা কোরানের আলোকে সহজেই বলা যায়। কারন রসূল মুহম্মদ নিজের ভাল মন্দ বা ভবিষ্যত জানতেন না এবং কোরানের বাইরে নুতন কোন দিগনির্দেশনা দেয়ার অধিকার ও তার ছিল না। আল্লাহ যেহেতু কোরানের কোথাও এমন নির্দেশ দেন নি , সেখানে রসূলও এমন নির্দেশ যে দেন নি , তা নিঃসন্দেহে বলা যায়।  রসূল আল্লাহভীরু ছিলেন , তার পক্ষে কোরানিক নির্দেশের বাইরে নির্দেশ দেয়া অসম্ভব। নিচের আয়াত দুটি পড়ুন-

৭:১৮৮- আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের (ভবিষ্যতের) কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য।

৬৯:৪৩-৪৮- এটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোন কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার গ্রীবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। এটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।


আমিনের উৎস

মুসলমানরা বলে আমিন , আর খৃষ্টান ও ইহুদীরা বলে 'আমেন'। এই শব্দটির ব্যাবহার মুসলমানরা শুরু করে রসূলের মৃত্যুর ২০০-৩০০বছর পরে বুখারী মুসলিমরা যখন হাদীস সঙ্কলন করা শুরু করে , তখন থেকেই। খৃষ্টান ও ইহুদীরা ও 'আমেন' বলে থাকে দোয়ার পরে। 'আমেন' শব্দটি ইহুদীদের কাছ থেকে খৃষ্টানরা পেয়েছে , এমনটির উল্লেখ পাওয়া যায় Catholic Encyclopedia Vol. 1 1907 এ। মুসলিম সম্রাজ্যের বিস্তারের সাথে সাথে বিজীত রাষ্ট্রগুলোর ইহুদী ও খৃষ্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করে এবং একি সাথে তাদের অনেক রীতি নীতি ও ইসলামের অন্তর্ভুক্ত করে। কোরানের পরিবর্তন সম্ভবপর না হওয়ায় , লোকমুখে প্রচলিত হাদীসের নামেই এই কাজটি করতে তারা সমর্থ হয়। তৎকালীন মুসলিম খলিফারাও বিজীত রাজ্যের প্রজাদের তুষ্ট রাখা ও রাজ্যে শান্তি বজায় রাখার স্বার্থেই এই সকল বানোয়াট হাদীসের পৃষ্ঠপোষকতা করেছে বলে প্রতীয়মান হয়।

আমেন হিব্রু শব্দ। এর অর্থ - 'so be it' 'এমনটাই হোক' ইহুদী ও খৃস্টানরা একে প্রার্থনা বা প্রভুর গুন গানের (hymn)পরেই বলে থাকে।

প্যাগানদের সাথে যোগসুত্র

Columbia Encyclopedia, 6th Edition 2001 অনুযায়ী 'আমেন' শব্দটি প্যাগান মূর্তিপূজার সাথে জড়িত। মিশরীয় দেবতার নাম ছিল 'আমন' বা 'আমেন'। সে ছিল থীবসের প্রধান দেবতা/god। আমন , তার স্ত্রী মুট এবং ওদের ছেলে খেন্সু স্বর্গের দেবতার তিন রুপ , অনেকটা খৃষ্টানদের ট্রিনিটি'র মতো। আমনকে অনেকে গ্রীক দেবতা জীউসের সাথে ও মিলিয়ে ফেলেন। আমনের মন্দির এখনো লিবিয়ার মরুভূমি সিওয়াতে বিদ্যমান। কেউ এব্যাপারে বিস্তারিত জানতে আগ্রহী হলে এই  লিঙ্কে যেতে পারেন।

Saturday, July 15, 2017

ফিরাউন , সামিরি কে বা কারা?


কোরানের যে চিরাচরিত অনুবাদ আমরা পড়ে থাকি , সেটা হাদিস ও রুপকথা নির্ভর। কোরানকে তারতিল সহকারে অর্থাৎ কোরানের এক অংশকে অন্য অংশগুলোর সাথে মিলিয়ে পড়লে আমরা যে চিত্র পাই তা চিরাচরিত অনুবাদের সম্পূর্ণ বিপরিত। চিরাচরিত অনুবাদ যারা পড়েছেন তারা সকলেই ফিরাউন , সামিরি ও সোনার বাছুরের গল্প জানেন এবং কিভাবে সামিরি মাত্র মূসার ৪০ দিনের অনুপস্থিতীতে বণী ইস্রাইলের মুমিনদেরকে সোনার বাছুর পূজায় রাজি করিয়েছিল। এটা কি সম্ভব? তখনকার মানুষ কি এতটাই গাধা বা বেকুব ছিল যে আল্লাহর কেরামতি (সমুদ্র ভাগ হয়ে যাওয়া) নিজ চোখে দেখার পরেও মাত্র ৪০ দিনে সোনার বাছুর পূজায় লেগে গেল? যেখানে মূসা তাদেরকে পই পই করে মূর্তী গড়তে নিষেধ করেছিল। না সম্ভব না। কোরানে কোন সোনার বাছুরের কথা বলা হয় নি বা সেই বাছুর হাম্বা স্বরে ডাকেও নি।
১৮:৫৪ নিশ্চয় আমি এ কোরানে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়। 
ফিরাউন فرعون শব্দের মূলে আছে فرع + ون
فرع অর্থ নেতৃত্ব দেয়া , নেতা।
ون আরবিতে নামের শেষে 'উন' ব্যাবহার হয় আদরকরে ছোটদের ডাকার জন্য , যেমন আমরা বাবু বলে ডাকি। জায়েদ-জায়দুন, সাদ-সাদুন ইত্যাদি। বড়দের নামের শেষে 'উন' যোগ হয় তাচ্ছিলার্থে ছোট করে দেখানোর জন্য। 
ফিরাউন অর্থ ছোট উপাস্য (إِلَهٍ god)/ পাতি নেতা , যে নিজেকে জনগনের ভাগ্যবিধাতা মনে করে। আমাদের দেশের কথা নাই বল্লাম, আজকের দুনিয়ায় কিম জং উন , পুটিনের মতো ফিরাউন দেশে দেশে বিদ্যমান।
(২৮:৩৮ ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না যে, আমি ব্যতীত তোমাদের কোন উপাস্য إِلَهٍ আছে।)
কোরানে যত নাম আছে , সকলেরই একটি মানে আছে। ভবিষ্যতে একে একে সেগুলো নিয়ে লেখার ইচ্ছা আছে।

ইব্রাহিম কে বা কারা?


এটা জানতে হলে আমাদের জানতে হবে ইব্রাহিম অর্থ কী? এই নামের দুইটি অংশ- ইব্রা ও হিম। 
ইব্রা অর্থ- برأ: مقاييس اللغة
البرء وهو السلامة من السقم অসুখ থেকে সুস্থ / রোগমুক্ত হওয়া। (শারীরিক নয় আত্মার অসুখ)। 
হিম অর্থ- الهاء والياء والميم كلمة تدل على عطش شديد. فالهيمان: العطش প্রচন্ড তৃষ্ণা।
সুতরাং যে ব্যক্তি নিজ আত্মাকে রোগমু্ক্ত করার প্রচন্ড তৃষ্ণা অনুভব করে , তাকেই ইব্রাহিম বলে। কোরানে থেকে জানতে পারি 'বারি' বা চিকিৎসক হলেন আল্লাহ। (২:৫৪ فَتُوبُواْ إِلَى بَارِئِكُمْ)। 
এই প্রচন্ড তৃষ্ণার কারনেই ইব্রাহিম পেরেছিলেন বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে নিজের আত্মাকে শির্কমুক্ত / রোগমুক্ত করতে। ইব্রাহিমকে বলা হয় 'উসওয়াতু হাসানা' (৬০:৪) , যেমনটি মুহাম্মদকেও বলা হয়েছে (৩৩:২১)। এর অর্থ দাড়ি রাখা নয় বা টাখনুর উপরে কাপড় পরা নয় যেমনটি উলামারা বলে থাকে , বরং ইব্রাহিমের উদাহরনকে সামনে রেখে মুসলমানরা নিজের আত্মাকে রোগমুক্ত শির্কমুক্ত করতে পারে।
৩:৬৭ ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং মুসলিম, এবং তিনি মুশরিক ছিলেন না।

Monday, July 10, 2017

নবী কে?



নবী শব্দের উৎপত্তি নাবা (ن ب أ) থেকে। নাবা অর্থ সংবাদ / খবর/ তথ্য। যে সংবাদপ্রাপ্ত / অবহিত , তাকেই নবী বলে। আল্লাহ মনোনীত নবীদের কাছে ওহী করে কিতাব পাঠান , যার ভিতরে থাকে মানুষের জন্য সংবাদ /দিকনির্দেশনা। এই কিতাব সীল করা (খাতামা) , অর্থাৎ নুতন কোন সংবাদ /দিকনির্দেশনা এই কিতাবে ঢুকবে না বা এর থেকে বাদ ও যাবে না।

কোরান আল্লাহর কিতাব। সুতরাং এই কোরান পড়ে , বুঝে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সেই অনুযায়ী নিজের জীবণ পরিচালনা করবে , তখনই বলা যাবে এরা আল্লাহর নাবা বা সংবাদপ্রাপ্ত। অর্থাৎ এরা সকলেই নবী। এর অর্থ দাড়ায় শেষ নবী বলে কিছু নেই।

কোরানে আল্লাহ 'ইউনাব্বিউ' বলে সাধারন মানুষকে সংবাদ দিচ্ছেন , প্রচলিত বিশ্বাসের নবী রসূলকে নয়। আমরাই যে নবী সেটা জানতে ৬৫:১ আয়াত পড়ুন। যেখানে আমাদেরকে আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন। ( নবীর পরে সবকিছুই বহুবচন)

"হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।"

Wednesday, November 2, 2016

কোরান যথেষ্ঠ। (২)




বিশ্বাসীদের জন্য শুধুমাত্র আল্লাহ যেমন যথেষ্ঠ , তেমনি ধর্মীয় নির্দেশনার জন্য একমাত্র কিতাব কোরান যথেষ্ঠ।

আল্লাহ কোরানে বলেছেন , "আল্লাহ কি তাঁর বান্দার পক্ষে যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় দেখায়।"(৩৯:৩৬)

 তিনি আরো বলেন ,"হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক দান করে? তিনি ব্যতীত কোন উপাস্য নেই।  (৩৫:৩)

 আল্লাহ বিশ্বাসীদের জন্য প্রভু হিসাবে যথেষ্ঠ , "বলুনঃ আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খোঁজব, অথচ তিনিই সবকিছুর প্রতিপালক?"(৬:১৬৪)

যতক্ষন পর্যন্ত বিশ্বাসীদের জন্য একমাত্র প্রভু আল্লাহ যথেষ্ঠ , ততক্ষন পর্যন্ত একমাত্র কিতাব কোরান ও তাদের জন্য যথেষ্ঠ। "এটাকি তাদের জন্যে যথেষ্ট নয় যে, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়। এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্যে রহমত ও উপদেশ আছে।"(২৯:৫১)

উল্লেখ্য , উপরের সম্মানিত আয়াতগুলোতে আল্লাহ বিশ্বাসী মুসলমানদেরকে নাবোধক প্রশ্নের মাধ্যমে পরিস্কার জানাচ্ছেন যে , আল্লাহ ছাড়া তাদের যেমন অন্য কোন প্রতিপালক নেই , তেমনি কোরান ছাড়াও আর কোন কিতাব নেই। এবং এই কোরানে তাদের জন্য রয়েছে উপদেশ ও রহমত। কোরানের বাইরে মানবরচিত কোন কিতাবকে অনুসরন করার কথা কোরানের কোথাও বলা হয়নি।            চলবে....

Friday, October 28, 2016

কোরান যথেষ্ঠ। (১)



 ধর্মীয় উপদেশ , বিধি নিষেধ ও  দিগনির্দেশনা জানার জন্য কোরান যথেষ্ঠ। এটা আমার কথা নয় বা হাদীসে বিশ্বাসীদের দোষারোপ করার জন্য ও নয় , বরং  কোরানের পরিস্কার আয়াত দিয়ে বংশ পরম্পরায় প্রচলিত কুসংস্কার ও মিথ্যা থেকে মুক্ত হওয়ার জন্য যে সকল পাঠক এই সত্যে উপনীত হতে চায় , তাদের সাথে আলোচনা করাই এই লেখার উদ্দেশ্য।

 বর্তমানের প্রায় সকল মুসলমান বিশ্বাস করে কোরানের সাথে সাথে হাদীসকে অনুসরন করা অত্যাবশ্যক , কারন নবীর নামে প্রচলিত হাদীস কোরানের ব্যাখ্যা এবং হাদিসের মাধ্যমে আমরা নবীর সুন্নত জানতে পারি। (নবীর নামে প্রচলিত হাদীস যে নবীর নিজস্ব কথা ও নয় বা তার সুন্নত ও নয় , তা একটু পড়াশুনা বা গবেষনা করলে জানা সম্ভব। সে আলোচনা আরেকদিন।)  আরেকদল আছেন যারা বিশ্বাস করেন কোরান যথেষ্ঠ , তবে এর বাইরে হাদীস বা আলেম উলামা ও ঈমামদের লেখা বই থেকে ভাল কিছু গ্রহন করার ভিতরে দোষের কিছু নেই। কিন্তু আমরা যদি কোরানে বর্ণীত আল্লাহর পরিস্কার বাণী নিয়ে চিন্তা করি , তাহলে নিশ্চিত ভাবে জানতে পারি যে কোন মানব রচিত গ্রন্থের দরকার নেই। কারন কোরান পরিস্কার ব্যাখ্যা ও উপমা সহকারে লিখিত একটি বই এবং এতে প্রয়োজনীয় কোন কিছুই লিখতে বাদ দেয়া হয়নি। চলুন কোরানের আয়াত নিয়ে পর্যালোচনা করা যাক -

 আল্লাহ ছাড়া কোন প্রভু নেই এবং মুসলমানদের জন্য কোরান ছাড়া কোন বই নেই....

 আল্লাহ বলেছেন , " নভোমন্ডল ও ভুমন্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তাঁরই কাছে রয়েছে। তিনি কত চমৎকার দেখেন ও শোনেন। তিনি ব্যতীত তাদের জন্য কোন সাহায্যকারী নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না। আপনার প্রতি আপনার পালনকর্তার যে, কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে, তা পাঠ করুন। তাঁর বাক্য পরিবর্তন করার কেউ নাই। তাঁকে ব্যতীত আপনি কখনই কোন আশ্রয় স্থল পাবেন না।" ১৮:২৬-২৭
দেখা যাচ্ছে নবীর কাছে ও তার সাহাবিদের পাঠ করার জন্য একটিই কিতাব ছিল, সেটা কোরান। সে সময়ে বা ইসলামের প্রথম ৩০০ বছর না ছিল বুখারি মুসলিমদের হাদিস বই বা ঈমামদের কোন বই। কোরানের বাক্য পরিবর্তন করার কেউ না থাকলেও পরবর্তীরা আল্লাহর এই নির্দেশ উপেক্ষা করে কিছু কিছু আয়াতকে ঈমামরা বাতিল ঘোষনা (মানসুখ) করেছেন। আল্লাহ তার কর্তৃত্বে শরীক করেন না , এমনকি আমাদের নবীকেও। যেকারনে কোরানের আয়াত নাসেখ মানসুখ বা পরিবর্তন করার ক্ষমতা নবীর নেই।        চলবে.......

Monday, September 28, 2015

ইসলাম ধর্মে জবরদস্তি নেই



    কোরান থেকে--

    ২:২৫৬ দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী ‘তাগুত’দেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাংবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। 

    ১০:৯৯ আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসত সমবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তী করবে ঈমান আনার জন্য? 

    ৬:১০৭ যদি আল্লাহ চাইতেন তবে তারা শেরক করত না। আমি আপনাকে তাদের সংরক্ষক করিনি এবং আপনি তাদের কার্যনির্বাহী নন। 

    ৭:১৯৯ আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক। 

    ১৭:৫৪ তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালভাবে জ্ঞাত আছেন। তিনি যদি চান, তোমাদের প্রতি রহমত করবেন কিংবা যদি চান, তোমাদের আযাব দিবেন। আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি। 

    ৩৯:৪১ আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাযিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎপথে আসে, সে নিজের কল্যাণের জন্যেই আসে, আর যে পথভ্রষ্ট হয়, সে নিজেরই অনিষ্টের জন্যে পথভ্রষ্ট হয়। আপনি তাদের উকিল নন।

    ১০৯:৬ তোমাদের ধর্ম তোমাদের জন্যে এবং আমার ধর্ম আমার জন্যে। 


    ইসলামের নবী এসেছিলেন ধর্ম প্রচার করতে , জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানাতে নয় বা কেউ যদি নবীর বা কোরানের অবমাননা করে তার গর্দান কাটতে ও নয়। স্বাভাবিক ভাবেই আমরা যারা ইসলামের অনুসারী তাদের ও কাউকে জোর করে মুসলমান বানানো বা ধর্মের অবমাননার জন্য গর্দান কাটার অধিকার আল্লাহ দেন নি। এ ব্যাপারে কোরানের নির্দেশ খুবি পরিস্কার -

    ৪:১৪০ আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।